
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুই সেতুর মাঝখানের একটি খালে পড়ে গেলে এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ থেকে ১৫ জন যাত্রী।
রোববার (১৯ জুলাই ২০২৬) সকাল প্রায় ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম দেলোয়ার হোসেন (৫০)। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল সেলফি পরিবহনের বাসটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দুই সেতুর মধ্যবর্তী খালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, বাসটির সামনের একটি চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি মহাসড়কের পাশের খালে পড়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কার্যক্রম চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :