
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আশেক। তিনি জানান, নোয়াখালীগামী ‘জোনাকি’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছোট কুমিরা এলাকায় চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এসআই মো. আশেক জানান, আহত ছয়জনকে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তির জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় আহত এক অজ্ঞাতপরিচয় যুবককে (৩০) চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন— রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা শাহ (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত ঠিকানা জানা যায়নি। আহত যাত্রীরা জানান, বাসটি স্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন এবং অনেকে আহত হন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোয় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহত যুবকের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :