সাবেক ভূমিমন্ত্রীর বাসার তালা ভেঙে ভেতরে দুদক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
সাবেক ভূমিমন্ত্রীর বাসার তালা ভেঙে ভেতরে দুদক

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসার দুটি ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাট দুটিতে থাকা মালামালের তালিকাকরণ (ইনভেন্টরি) কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে রোববার (১৯ জুলাই) এ অভিযান চালানো হয়।

দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশ অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে দুদকের কর্মকর্তারা ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর সেখানে থাকা বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য সম্পদের তালিকাকরণের কাজ শুরু করা হয়।

দুদক সূত্র জানায়, তদন্ত ও আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফ্ল্যাটে থাকা সম্পদের বিস্তারিত তালিকা প্রস্তুত করে তা আদালতে উপস্থাপন করা হবে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আদালত যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের আদেশ দেন। এছাড়া গত ১৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে তার নামে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়। একই আদেশে যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি কোম্পানিতে করা বিনিয়োগও অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিদেশে থাকা এসব সম্পদ ও বিনিয়োগের আনুমানিক মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত চলমান রয়েছে এবং আদালতের নির্দেশনায় দেশ-বিদেশে থাকা সম্পদের বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।