
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ (১৬) হত্যার বিচার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিহাদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত জিহাদের বাবা আজগর আলী, ভাই জিসান, নাছির খন্দকার, জনি খন্দকার, রনি খন্দকার, বিএনপি নেতা রসুন আলী, সাবেক ইউপি সদস্য মনজুর, জীবন মিয়া ও জয়নাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।
এ সময় প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত মামলার আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি শান্ত হয়ে আসে।
আপনার মতামত লিখুন :