যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অন্যান্য উদ্দেশ্যে ভিসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদনের সম্ভাবনা কমতে পারে বলে সতর্ক করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করাই সবচেয়ে উপযুক্ত এবং কার্যকর পদ্ধতি।

দূতাবাস আরও জানায়, অন্য কোনো দেশে গিয়ে ভিসার আবেদন করলে আবেদনটি অতিরিক্ত যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে পারে। ফলে ভিসা অনুমোদন পেতে বেশি সময় লাগতে পারে কিংবা আবেদন অনুমোদনের সম্ভাবনাও কমে যেতে পারে।

এ ছাড়া, অন্য কোনো দেশে জমা দেওয়া ভিসা আবেদনের ক্ষেত্রে পরিশোধ করা আবেদন ফি ফেরত দেওয়া হবে না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেছে মার্কিন দূতাবাস।

ভিসাপ্রত্যাশীদের প্রয়োজনীয় তথ্য যাচাই করে যথাযথ নিয়ম অনুসরণ করে আবেদন করার আহ্বান জানিয়েছে দূতাবাস। পাশাপাশি ভিসা সংক্রান্ত সর্বশেষ নির্দেশনা ও হালনাগাদ তথ্য জানতে আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটের সরকারি যোগাযোগমাধ্যম এবং ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।