ঢাকার আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
ঢাকার আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ

রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, ঢাকার যানজট কমাতে প্রযুক্তিনির্ভর কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ সড়ক মোড়গুলোতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা দ্রুত চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। হর্নের অপব্যবহার বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মতো হর্ন নিয়ন্ত্রণেও প্রযুক্তির ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে আলোচনা করা হয়। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে শব্দদূষণ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালু হলে রাজধানীর যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের ভোগান্তি কমানো সম্ভব হবে।