
মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সারা দেশে ছড়িয়ে দিতে জাতীয় পর্যায়ের একটি সংগঠন গঠনের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘আলোর প্রত্যাশা’। এ লক্ষ্যে (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ‘আলোর প্রত্যাশা’র প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম তালুকদার আকাশ। অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও বাচিকশিল্পী মরিয়ম রহমান। এতে দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠক, সাংবাদিক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা অংশ নেন।
সভার শুরুতে সংগঠনের চলমান মানবিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতীয় পর্যায়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ, যুব উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে সমন্বিত উদ্যোগ গ্রহণের এখনই উপযুক্ত সময়। এ ক্ষেত্রে ‘আলোর প্রত্যাশা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মত প্রকাশ করেন।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ জেলার অভিজ্ঞতা তুলে ধরে স্থানীয় পর্যায়ে মানবিক কার্যক্রম পরিচালনার নানা দিক নিয়ে মতামত দেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন, দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি এবং দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলার ইঞ্জিনিয়ার রয়েল আল মামুন, ইঞ্জিনিয়ার রুমানা হক, ব্যবসায়ী রিপন খোন্দকার, ব্যবসায়ী আলাউদ্দিন রানা, ইব্রাহিম খলিল, লেখক ও সংগঠক শ্যামল কুমার রায়, সংগঠক খালেদুর রশিদ, চট্টগ্রাম থেকে কবি ও সংগঠক বি এম মনজুরুল আলম, বগুড়া থেকে সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাকিল মাহমুদ, ময়মনসিংহ থেকে হাসিব ইমরান, রাজশাহী থেকে শিক্ষার্থী জাহিন আবরার, নোয়াখালী থেকে কবি ও সংগঠক নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে সাংবাদিক পারুল, খুলনা থেকে মাহবুবুর রহমান শিপন ও গ্রাম পুলিশ কল্যাণ সমিতির সভাপতি এস এম জিয়াউল হক, গাজীপুর থেকে গায়ক ও সংগঠক সোহাগ মোহাম্মদ সজীব, সিরাজদিখান থেকে কবি আবদুল মান্নান, সোনারগাঁও থেকে কবি ফৌজিয়া রুবি, সিলেট থেকে সংগঠক মন্টু ভাই এবং বরিশাল থেকে কবি ও প্রকাশক মাশাবী কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী অ্যাডভোকেট আবদুল হক, সাংবাদিক আয়াত উল্ল্যাহ, নজরুল ইসলাম এরশাদ, রিপন শেখসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনা পর্বের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন এবং বাচিকশিল্পী মরিয়ম রহমান আবৃত্তি পরিবেশন করেন। অংশগ্রহণকারীরা বলেন, এ আয়োজন সভাকে আরও প্রাণবন্ত করে তোলে এবং মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরে।
সভাপতির বক্তব্যে সেলিম তালুকদার আকাশ বলেন, দেশের উন্নয়ন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়; সামাজিক সংগঠন, তরুণ সমাজ ও সচেতন নাগরিকদেরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘আলোর প্রত্যাশা’ এমন একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠতে চায়, যেখানে মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগকালীন সহায়তা, কর্মসংস্থান, সাংস্কৃতিক বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মতো খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কথাও তিনি তুলে ধরেন।
সভা শেষে জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী ও কার্যকর সামাজিক সংগঠন গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং মানবিক উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
আপনার মতামত লিখুন :