বুড়িগঙ্গায় ট্রলারডুবি, নিখোঁজ ২


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
বুড়িগঙ্গায় ট্রলারডুবি, নিখোঁজ ২

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়।

তিনি জানান, ট্রলারটি একেবারে নতুন ছিল এবং এতে মোট ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছে।

নদীপথে এ দুর্ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি অব্যাহত রেখেছেন। দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর নিখোঁজদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।