ইসিতে হিসাব দাখিল বিএনপির বার্ষিক আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
ইসিতে হিসাব দাখিল বিএনপির বার্ষিক আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন কমিশনে (ইসি) তাদের বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব জমা দিয়েছে। দলটির দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকা। সব ব্যয় শেষে বর্তমানে দলীয় তহবিলে উদ্বৃত্ত হিসেবে রয়েছে ৬ কোটি ৭ লাখ টাকা।

রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার পর বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন (অডিট রিপোর্ট) জমা দেয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন দলের কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন। তারা নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের কাছে অডিট রিপোর্ট হস্তান্তর করেন।

দলটির হিসাব অনুযায়ী, সদস্যদের নিয়মিত চাঁদা, ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান এবং দলীয় মনোনয়ন ফরম বিক্রি থেকে প্রাপ্ত অর্থই আয়ের প্রধান উৎস। অন্যদিকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, প্রচারপত্র ও পোস্টার প্রকাশ, কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়ের রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং দুস্থ নেতা-কর্মীদের সহায়তা খাতে ব্যয়ের হিসাব দেখানো হয়েছে।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে প্রতিবছর নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব কমিশনে জমা দিতে হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক। কোনো রাজনৈতিক দল টানা তিন বছর এ হিসাব জমা দিতে ব্যর্থ হলে তাদের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যেই বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার মাধ্যমে বিএনপি নির্বাচন কমিশনের আইনগত বাধ্যবাধকতা পূরণ করেছে।