হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ কমার লক্ষণ না থাকায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৯৭ জন শিশু পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া আরও ৯৭৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে আক্রান্তদের মধ্যে ৯৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৫ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯ জনে।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ১০৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৯৭ হাজার ৮১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ২৭৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের প্রতি শিশুদের হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দাগ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।