৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। কারণ, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানকে। বাবা-মেয়ের এই নতুন জুটিকে ঘিরে ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বর্তমানে সিনেমাটির শুটিং পুরোদমে চলছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১৫০ দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশ ও লোকেশনে চলবে শুটিং। আগামী আগস্টে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে শাহরুখ খানের পারিশ্রমিক এবং প্রচার-প্রচারণার খরচ অন্তর্ভুক্ত নয়। ফলে মুক্তির আগেই সিনেমাটি বলিউডের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে।

নির্মাতারা জানিয়েছেন, ‘কিং’-এ থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য, অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) এবং বিশাল পরিসরের নির্মাণ আয়োজন। সিনেমাটির ভিএফএক্সের দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

এদিকে, বড় পর্দায় সুহানা খানের অভিষেককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা। শুরুতে তুলনামূলক ছোট পরিসরে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে এর ক্যানভাস আরও বড় করা হয়। জানা গেছে, মেয়ের প্রথম বড় পর্দার সিনেমাকে স্মরণীয় করে তুলতে নির্মাণের প্রতিটি ধাপে নজর রাখছেন শাহরুখ খান।

এর আগে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ সিনেমার বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি এবং ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩৫০ কোটি রুপি। সেই হিসেবে ‘কিং’ হতে যাচ্ছে শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের সিনেমা।

শাহরুখ খান ও সুহানা খানের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সুরকার জুটি সচিন-জিগর।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি মুক্তির আগেই বলিউডে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে।