সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা

প্রায় ২০ বছর পর আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন বিশ্বখ্যাত লাতিন পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন এই স্থানে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট।

এর আগে ২০০৭ সালে গিজার পিরামিড প্রাঙ্গণে দর্শকদের মাতিয়েছিলেন কলম্বিয়ান এই সংগীতশিল্পী। দীর্ঘ বিরতির পর একই মঞ্চে তার প্রত্যাবর্তনকে ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল এই মেগা কনসার্টের আয়োজন করছে। প্রতিষ্ঠানটি এর আগে মধ্যপ্রাচ্যে Jennifer Lopez, John Legend, Katy Perry ও Demi Lovato-এর মতো আন্তর্জাতিক শিল্পীদের কনসার্ট আয়োজন করেছে।

বর্তমানে শাকিরা তার নতুন অ্যালবাম এবং বিশ্বজুড়ে আলোচিত ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ অ্যালবামকে কেন্দ্র করে আন্তর্জাতিক সফরে ব্যস্ত রয়েছেন। তিন দশকের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে দাপটের সঙ্গে কাজ করা এই শিল্পী বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি করেছেন। তার অর্জনের তালিকায় রয়েছে একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি পুরস্কার।

মিশরে ফেরার বিষয়ে শাকিরা এক বিবৃতিতে বলেন, গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। পাশাপাশি তিনি মিশরের দর্শকদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

শাকিরার কনসার্টের ঘোষণার পর মিশরের দর্শক ও বিশ্বের বিভিন্ন দেশের ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। আয়োজকদের আশা, গিজার পিরামিডে এই আয়োজন চলতি বছরের অন্যতম আলোচিত আন্তর্জাতিক সংগীত অনুষ্ঠানে পরিণত হবে।