১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা

দেশের শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’ অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে। দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের টিসিভি টিকা দেওয়া হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিশুকে বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশের মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলিলিটার মাত্রায় এক ডোজ টিসিভি টিকা দেওয়া হবে। একই টিকাদান সেশনে এমআর-২ টিকার সঙ্গে টিসিভি টিকা একসঙ্গে দেওয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা তৈরি করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন নিশ্চিত করবেন। এ ছাড়া অভিভাবকদের মধ্যে টিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন ও কার্যকর টিকা যুক্ত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই টিসিভি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, টাইফয়েড শিশুদের জন্য একটি ঝুঁকিপূর্ণ ব্যাকটেরিয়াজনিত রোগ। টিসিভি টিকা শিশুদের এই রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।