বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া একটি মাছ ধরার ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভয়াবহ এই দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ৬ জেলে। নিখোঁজদের সন্ধানে সমুদ্রে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী মৎস্যজীবী মহলে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (১৩ জুলাই) সুন্দরবন থানা পুলিশের এক কর্মকর্তা দুর্ঘটনা ও উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত ৪ জুলাই পূর্ব মেদিনীপুর জেলার দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাত্রা করে ট্রলারটি। পরে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ আট দিন ধরে বিভিন্ন সংস্থা ও মৎস্যজীবীদের সহায়তায় ট্রলারটির সন্ধানে অভিযান চালানো হয়।

রোববার (১২ জুলাই) দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচর এলাকায় নিখোঁজ ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়। এরপর বন অধিদপ্তর ও ভারতীয় কোস্টগার্ডের যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে সীতারামপুরে নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ট্রলারে রাতভর তল্লাশি চালিয়ে ৯ জেলের মরদেহ পাওয়া যায়। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ট্রলারের মালিকপক্ষ শঙ্করপুর থেকে কাকদ্বীপে পৌঁছেছেন। পাশাপাশি মৎস্যজীবী সংগঠনের উদ্যোগে একাধিক ট্রলার উদ্ধার অভিযানে অংশ নেয় এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উপকূলে ফিরিয়ে আনা হয়।

উদ্ধার অভিযানের তদারকি করতে ঘটনাস্থলে পৌঁছান সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ট্রলারের ভেতরে কিংবা আশপাশের এলাকায় আরও মরদেহ আটকে থাকতে পারে। এ কারণে দিনভর তল্লাশি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নিখোঁজ ৬ জেলের সন্ধান না পাওয়ায় তাদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সমুদ্রে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শঙ্করপুরসহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।