রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা ও সংবাদ সম্মেলন: নিরপেক্ষ তদন্তের দাবি


দোয়ারাবাজার প্রতিনিধি, ইয়াছিন আলী খান প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
রহস্যজনক মৃত্যু ঘিরে পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা ও সংবাদ সম্মেলন: নিরপেক্ষ তদন্তের দাবি

সুনামগঞ্জের ছাতকে গৃহবধূ রংফুল বেগমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ এখন প্রকাশ্যে এসেছে। এ ঘটনায় স্বামী ও বড় ছেলের পক্ষ থেকে পরস্পরবিরোধী অভিযোগ ওঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রংফুল বেগমের স্বামী আব্দুল গফুর দাবি করেছেন, তার স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। এ অভিযোগে তিনি আদালতে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে প্রবাসে থাকা বড় ছেলে আব্দুল হান্নান এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে বাবার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

আব্দুল গফুর, যিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাটুরপাড় গ্রামের বাসিন্দা, স্ত্রীর মৃত্যুর ঘটনায় বড় ছেলের স্ত্রী মারজানা আক্তার, স্থানীয় খলিল মিয়া, তার স্ত্রী সুজিয়া বেগম ও জাবেদ মিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩০৬/৩৪ ধারায় মামলা দায়ের করেছেন।

সোমবার (১৩ জুলাই) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল গফুর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, স্ত্রীর মৃত্যুর ঘটনাটি শুরু থেকেই তার কাছে সন্দেহজনক মনে হয়েছে। তাই প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন।

তিনি আরও বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী হিসেবে চিহ্নিত করা উচিত নয়। তিনি কোনো ধরনের প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে আনার জন্য প্রশাসন ও তদন্তকারী সংস্থার প্রতি আহ্বান জানান।

অন্যদিকে, আব্দুল হান্নান সম্প্রতি ছাতকে সংবাদ সম্মেলন করে তার বাবার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ তুলেছেন বলে জানা গেছে। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তে কী তথ্য পাওয়া যায়, সেটিই এখন দেখার বিষয়।

স্থানীয় সচেতন মহলের মতে, একই পরিবারের দুই পক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্য ও মামলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই কেবল রংফুল বেগমের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব।

উল্লেখ্য, নিহত রংফুল বেগম দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাটুরপাড় (বালিউড়া) গ্রামের আব্দুল গফুরের স্ত্রী। জীবনযাত্রার সুবিধার জন্য প্রায় তিন বছর ধরে তারা ছাতক পৌর শহরের রহমতবাগ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। ওই বাসায় তাদের বড় ছেলে আব্দুল হান্নানের স্ত্রী মারজানা আক্তারও থাকতেন। গত ২০ মার্চ ওই ভাড়া বাসা থেকেই রংফুল বেগমের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়।