
সুনামগঞ্জে নারীর ক্ষমতায়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা, কর্মসংস্থান ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ-সুবিধা নিয়ে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)-এর যৌথ উদ্যোগে নাগরিকতা–সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় বাস্তবায়নাধীন “সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন” প্রকল্পের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় “সুনামগঞ্জ জেলায় নারীর ক্ষমতায়নের পথে অন্তরায়: কর্মসংস্থান ও নারীর বৃত্তিমূলক শিক্ষার সুযোগ ও চ্যালেঞ্জ” শীর্ষক সামাজিক নিরীক্ষার ফলাফল তুলে ধরা হয়। এতে জেলার সদর, তাহিরপুর, দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলার নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে নাগরিকদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ উপস্থাপন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সহকারী কমিশনার সাকিবুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি এবং সিটিজেনস গ্রুপের সদস্যরা।
সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপনের পর জেলা প্রশাসক পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সুপারিশ গুরুত্বসহকারে শোনেন। পরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থাপিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে জেলা প্রশাসক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে বলেন, নারীর ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে উপস্থাপিত সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর সিনিয়র রিসার্চার ও প্রকল্প কোঅর্ডিনেটর ড. দ্বিজেন মল্লিক, প্রকল্প পরামর্শক মোজাহিদুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট মো. জাওয়াদুল করিম, ইরা-এর প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান, নাগরিকতা–ইরা কর্মসূচির ফিল্ড কোঅর্ডিনেটর তৃপ্তি দে, কমিউনিটি ভলান্টিয়ারসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
উল্লেখ্য, বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস, কানাডার পররাষ্ট্র নীতি–গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের যৌথ সহায়তায় জিএফএ কনসাল্টিং গ্রুপ জিএমবিএইচ-এর মাধ্যমে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এ কার্যক্রম পরিচালনা করছে।
আপনার মতামত লিখুন :