রংপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
রংপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৫৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই।

অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ওই নারী উপজেলার বড় দরগাহ ইউনিয়নের ডাসারপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন—পীরগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের বিদ্যুৎ সরকার, রতন মিয়া, হবিবর রহমান ও মিথুল এবং পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া গ্রামের হাফিজার রহমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ জুলাই রাত ১০টার দিকে ওই নারী বাড়ি থেকে বের হয়ে যান। পরে প্রবল বৃষ্টির মধ্যে আশ্রয়ের জন্য পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া সার্বজনীন দুর্গামন্দিরের বারান্দায় অবস্থান নেন।

অভিযোগে বলা হয়, ২ জুলাই রাত আনুমানিক ২টার দিকে পাঁচ অভিযুক্ত ওই নারীকে সেখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে বড় দরগাহ ইউনিয়নের পার্বতীপুর গ্রামের একটি মুদি দোকানে নিয়ে যান। পরে দোকানের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে দোকান থেকে বের করে দিয়ে পালিয়ে যান। স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে পীরগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে রংপুরে অবস্থান করছেন। থানায় ফিরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় তথ্য জানাতে পারবেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।