চলতি বিশ্বকাপে যেভাবে আর্জেন্টিনার চেয়ে বেশি সুবিধা পাচ্ছে ইংল্যান্ড


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
চলতি বিশ্বকাপে যেভাবে আর্জেন্টিনার চেয়ে বেশি সুবিধা পাচ্ছে ইংল্যান্ড

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। বহুল প্রতীক্ষিত লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। মাঠের উত্তেজনাপূর্ণ দ্বৈরথের আগে দুই দলের প্রস্তুতি, বিশ্রাম ও শারীরিক অবস্থানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেতে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছে ইংল্যান্ডকে। তবে চলতি বিশ্বকাপে এটাই ছিল থমাস টুখেলের দলের প্রথম ম্যাচ, যা নির্ধারিত ৯০ মিনিটের বাইরে গড়িয়েছে। ফলে সেমিফাইনালের আগে খেলোয়াড়দের শারীরিক পুনরুদ্ধারের জন্য তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড।

অন্যদিকে আর্জেন্টিনার নকআউট পর্বের পথ ছিল আরও কঠিন। শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময় খেলতে হয়েছে লিওনেল স্কালোনির দলকে। ফলে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজসহ অন্যদের ওপর বাড়তি শারীরিক চাপ পড়েছে।

বিশ্রামের হিসাবেও কিছুটা এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার আগে ম্যাচ খেলায় হ্যারি কেইনদের হাতে সেমিফাইনালের আগে কয়েক ঘণ্টা বেশি সময় রয়েছে খেলোয়াড়দের পুনরুদ্ধারের জন্য। টুর্নামেন্টের শেষ পর্যায়ে এই অতিরিক্ত বিশ্রাম বড় সুবিধা হয়ে উঠতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আর্জেন্টিনার কোচিং স্টাফের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ খেলোয়াড়দের দ্রুত সতেজ করে তোলা। সেমিফাইনালের আগে সময় কম থাকায় ফিটনেস, বিশ্রাম ও পুনরুদ্ধার প্রক্রিয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

তবে শারীরিক ক্লান্তির দিক থেকে সুবিধায় থাকলেও ভ্রমণের হিসাবে এগিয়ে নেই ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হয়েছে হ্যারি কেইনদের। বিভিন্ন ভেন্যুতে ম্যাচ খেলতে গিয়ে তাদের আকাশপথে প্রায় ১৭ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে।

সব মিলিয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনাল শুধু মাঠের কৌশল ও দক্ষতার লড়াই নয়, এটি হবে শারীরিক সক্ষমতা, বিশ্রাম, ভ্রমণের চাপ এবং মানসিক দৃঢ়তারও পরীক্ষা। দুই দলের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ও বিশ্বকাপের মঞ্চে মর্যাদার লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।