
সাম্প্রতিক অতিবৃষ্টি এবং ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সম্ভাব্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতান রেজী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
সভায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার কার্যক্রম পরিচালনা, ত্রাণ বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ বলেন, “সম্ভাব্য বন্যা মোকাবিলায় উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য রেসকিউ বোটের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত শুকনা খাবার মজুত এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “পানিবাহিত রোগ প্রতিরোধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। এছাড়া সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য নির্ধারিত আশ্রয়কেন্দ্রগুলো প্রয়োজন অনুযায়ী দ্রুত চালু করে ক্ষতিগ্রস্তদের সেখানে নেওয়ার ব্যবস্থা করা হবে।”
সভায় সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতান রেজী জানান, সম্ভাব্য জলাবদ্ধতা কমাতে পৌরসভার বিভিন্ন ড্রেন পরিষ্কার করা হয়েছে। ফলে অতিবৃষ্টির পরও পানি দীর্ঘ সময় জমে থাকার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
সভায় দুর্যোগকালীন সময়ে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানো, ঝুঁকিপূর্ণ এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :