টিআর কর্মসূচিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬৬ প্রতিষ্ঠানে ৭১ লাখ টাকার অনুদান


ময়মনসিংহ জেলা প্রতিনিধি, মতিউর রহমান প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
টিআর কর্মসূচিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬৬ প্রতিষ্ঠানে ৭১ লাখ টাকার অনুদান

২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল ১১টায় নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৬৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে মোট ৭১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৪২টি মসজিদ, ৫টি মন্দির, ১৪টি মাদ্রাসা, ২টি স্কুল, ১টি এতিমখানা এবং ২টি সামাজিক ক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। তিনি বলেন, ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচির মাধ্যমে নিয়মিত সহায়তা দিয়ে আসছে।

তিনি বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান।

চেক বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।