তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার বিপক্ষে লড়াইয়ে বিজয়

তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) সর্বোচ্চ আদালত এ আদেশ দিয়ে জানিয়েছে, হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশে সংশোধনের প্রয়োজন রয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাড়াগাম (টিভিকে) সরকারের করা বিশেষ লিভ পিটিশনের শুনানি শেষে সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তী আদেশ দেন।

মাদ্রাজ হাইকোর্টের গত ২৭ মে দেওয়া রায়ে রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই আদেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে যুক্তি দেওয়া হয়, বিদ্যমান আইনে নির্দিষ্ট শ্রেণির গবাদিপশু নির্দিষ্ট শর্ত ও স্থানে জবাইয়ের অনুমতি রয়েছে। তাই আইনের বিধানের বিপরীতে কোনো বিচারিক নির্দেশ বহাল রাখা সম্ভব নয়।

এর আগে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন ও বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের একটি সরকারি আদেশের ভিত্তিতে তামিলনাড়ুতে গরু ও বাছুর জবাই নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। ওই সরকারি আদেশ মূলত দুধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্য নিয়ে জারি করা হয়েছিল।

হাইকোর্টের রায়ে বিচারপতি জি আর স্বামীনাথন ভারতের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, রাজ্যগুলোর দায়িত্ব হলো গরু, বাছুর ও অন্যান্য দুগ্ধজাত গবাদিপশু সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া। তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় সংস্কৃতি ও সভ্যতায় গরুকে দীর্ঘদিন ধরে শ্রদ্ধার সঙ্গে দেখা হয়েছে।

তবে গরু জবাই নিষেধাজ্ঞার বিষয়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তাদের দাবি, কোরবানি ঈদের মতো ধর্মীয় উৎসবের সময় সব পশু জবাই কেবল লাইসেন্সপ্রাপ্ত কসাইখানায় সীমাবদ্ধ রাখা বাস্তবসম্মত নয়। কারণ উৎসবের সময় বাড়তি চাহিদা পূরণের মতো পর্যাপ্ত সক্ষমতা এসব কসাইখানার নেই।

তামিলনাড়ু সরকারও আদালতে জানায়, তামিলনাড়ু পশু সংরক্ষণ আইনসহ বিদ্যমান বিধিমালায় পশু জবাইয়ের স্থান ও শর্ত নির্ধারণ করা আছে। তবে এসব আইনে গরু জবাইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া গরু ও বাছুর জবাই নিষেধাজ্ঞার আদেশ আপাতত কার্যকর হচ্ছে না। বিষয়টি নিয়ে পরবর্তী শুনানিতে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।