
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়। সে হিসাবে গত এক দিনে রাজধানীতে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। টানা বর্ষণে নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজও রাজধানীতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
অধিদপ্তরের বৃষ্টিপাতের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটারকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটারকে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটারকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচনা করা হয়। সর্বশেষ রেকর্ড অনুযায়ী, ঢাকায় হওয়া ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত এ শ্রেণির সর্বোচ্চ পর্যায়ে পড়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায় অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং জলাবদ্ধ এলাকায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :