
যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানের সময় মামলার প্রধান আসামি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই ২০২৬) রাত ৯টা ৪৫ মিনিটে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ মামুন শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের পলাতক আসামি ফিরোজের বাড়িতে অভিযান চালান।
এ সময় বাড়ির শয়নকক্ষ থেকে সালমা খাতুন (৩৮) ও আমেনা খাতুন (৪৫) নামে দুই নারীকে আটক করা হয়। পরে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৯ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় বাড়ির মালিক ও মামলার প্রধান আসামি ফিরোজ পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
গ্রেফতারকৃত সালমা খাতুন (৩৮) ফিরোজের স্ত্রী এবং আমেনা খাতুন (৪৫) শহিদ হোসেনের স্ত্রী। তারা দুজনই বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় এসআই মোহাম্মাদ মামুন শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেফতার দুই আসামিকে রোববার (১৯ জুলাই ২০২৬) পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামি ফিরোজকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :