শান্তিগঞ্জে অভিযানে ৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস


সুনামগঞ্জ ক্রাইম রিপোর্টার,রুয়েব আহমেদ  প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
শান্তিগঞ্জে অভিযানে ৮ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে পরিচালিত অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের নির্দেশনায় শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় ৮ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের ওজন প্রায় ৪০০ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

পরে উপজেলা পরিষদ চত্বরে শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিনের নেতৃত্বে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান, নাজির আবু বক্করসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা প্রশাসন জানায়, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।