বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে নিজেদের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল’ উল্লেখ করে যেকোনো সময় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিশেষ বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখা এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে মার্কিন নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি জানতে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম অনুসরণ করার পাশাপাশি নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে প্রকাশিত নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে। যেকোনো সময় ফ্লাইট বাতিল, সময়সূচিতে পরিবর্তন এবং আকাশসীমা সাময়িক বন্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, অতীতেও মধ্যপ্রাচ্যের বাইরে বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থানে হামলার ঘটনা ঘটেছে। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক, কূটনৈতিক স্থাপনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করতে পারে।

এ কারণে বিশ্বের যেকোনো দেশে থাকা মার্কিন নাগরিক ও সরকারি স্থাপনাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলা, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব শুধু আঞ্চলিক নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাতেও এর প্রভাব পড়তে পারে।