
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম পথসভায় বক্তব্য দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে ‘জয় বাংলা’ উচ্চারণের ঘটনায় সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেছেন।
গত শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বৃহস্পতিবার সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে বক্তব্যের শেষ অংশে ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে অসাবধানতাবশত ‘জয় বাংলা’ শব্দটি মুখ ফসকে উচ্চারিত হয়।
মো. শফিজল ইসলাম দাবি করেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং সাদুল্লাপুরবাসী, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জীবনের কোনো সময়ই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাই তার বক্তব্যের ওই অংশকে রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্নভাবে ব্যাখ্যা না করার অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনের শেষদিকে মো. শফিজল ইসলাম ‘ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন।
আপনার মতামত লিখুন :