নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় পৌর বিএনপি সভাপতি আলেকজান্ডার আহত


নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ২:০০ অপরাহ্ণ
নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় পৌর বিএনপি সভাপতি আলেকজান্ডার আহত

বগুড়ার নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঢাকুইর গ্রামে একটি জানাজায় অংশ নিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মো. আলেকজান্ডার মোটরসাইকেলযোগে ঢাকুইর গ্রামের একটি জানাজার নামাজে অংশ নিতে যাচ্ছিলেন। পথে নন্দীগ্রাম হিন্দুপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়।

এ ঘটনায় তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। দুর্ঘটনায় তার দুই পা, দুই হাত, বুকের বাম পাশ এবং পেটের নিচের অংশে আঘাত লাগে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে মো. আলেকজান্ডারের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেছেন।