ত্রান বিতরণে মানবিক বার্তা; আইনি জটিলতা কাটিয়ে মাঠে ফেরার আশাবাদ আসলাম চৌধুরী”র


চট্টগ্রাম সিনিয়র ব্যুরো চীফ, তুহিন রহমান  প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
ত্রান বিতরণে মানবিক বার্তা; আইনি জটিলতা কাটিয়ে মাঠে ফেরার আশাবাদ আসলাম চৌধুরী”র

চট্টগ্রামের সীতাকুণ্ডে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান লায়ন আসলাম চৌধুরী। এ সময় তিনি বলেন, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই তাঁর রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। সীতাকুণ্ডের মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক জনপদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ত্রাণ বিতরণ শেষে উপস্থিত মানুষের উদ্দেশে আসলাম চৌধুরী বলেন, তিনি একজন সমাজকর্মী, রাজনৈতিক কর্মী ও পেশাজীবী হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে চান। গ্রামের মানুষের বাস্তব সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কাজ করাই তাঁর লক্ষ্য বলেও জানান তিনি।

তিনি বলেন, “আমি দীর্ঘ সময় কারাবন্দি ছিলাম। সব মিলিয়ে প্রায় ১২ বছর পরিবারের বাইরে কাটাতে হয়েছে। এই সময়ে আমার অনেক ভাই, বন্ধু, তরুণ, মধ্যবয়সী ও প্রবীণ মানুষ বিভিন্নভাবে কষ্ট ও হয়রানির শিকার হয়েছেন। সুযোগ পেলে তাদের কল্যাণে কাজ করব এবং সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

আসলাম চৌধুরী আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর পুনর্বাসন ও সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের জন্য নতুন সম্ভাবনা তৈরি এবং সীতাকুণ্ডের সার্বিক উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি সীতাকুণ্ডবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তাঁর সবচেয়ে বড় শক্তি। মানুষের পাশে থেকে একটি উন্নত ও সমৃদ্ধ সীতাকুণ্ড গড়ে তোলাই তাঁর অঙ্গীকার।

ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগী অসহায় পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, সংকটের সময়ে এ ধরনের সহযোগিতা তাদের জন্য স্বস্তি ও সাহসের কারণ হয়েছে।

এদিকে, আইনি জটিলতা কাটিয়ে শিগগিরই সক্রিয় রাজনীতির মাঠে ফেরার আশাবাদ জানিয়েছেন লায়ন আসলাম চৌধুরী। তাঁর সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তনকে ঘিরে সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা, তাঁর সক্রিয় অংশগ্রহণে জনসম্পৃক্ত রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।