আলীকদমে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্প, বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান


আলীকদম উপজেলা প্রতিনিধি, আবু সুফিয়ান প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
আলীকদমে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্প, বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বান্দরবানের আলীকদমে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ত্রাণ সহায়তার পাশাপাশি আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) পরিচালিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে।

জানা গেছে, কক্সবাজার রিজিয়নের আওতাধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অসহায় মানুষের জন্য নিয়মিত চিকিৎসাসেবা, ত্রাণ, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক সহায়তাসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছে বাহিনীটি।

সম্প্রতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় সৃষ্ট পরিস্থিতিতে আলীকদম ব্যাটালিয়নের উদ্যোগে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

শনিবার (১৮ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের নির্দেশনায় মেডিকেল অফিসার মেজর মো. জহিরুল ইসলাম (এমবিবিএস, এমএফএমসি)-এর নেতৃত্বে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম জারুলিয়ামুড়া ও ক্রীলাইংপাড়া এলাকার বিজিবির ক্রীলাইংপাড়া চেকপোস্টে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারসহ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। এছাড়া সীমান্তবর্তী দুর্গম এলাকার সাধারণ মানুষও এ সেবার সুযোগ পান।

আলীকদম ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

মেডিকেল ক্যাম্পে বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।