আত্রাইয়ে নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা


নওগাঁ জেলা প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
আত্রাইয়ে নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে অবৈধ জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী মো. সেলিম।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, সমসপাড়া হাটে নিষিদ্ধ রিং জাল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। এ সময় সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব নাঈম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার ক্ষতিকর ও নিষিদ্ধ জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। রিং ও কারেন্ট জালের মাধ্যমে মাছের রেণু ও ছোট মাছ নির্বিচারে ধ্বংস হয়, যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান কঠোর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান বলেন, জেলে ও ব্যবসায়ীদের নিয়মিত সচেতন করা হচ্ছে। এরপরও কেউ নিষিদ্ধ জাল বিক্রি বা ব্যবহার করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে জব্দ করা জাল স্থানীয় জনপ্রতিনিধি ও বাজারের সাধারণ মানুষের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।