সখীপুরে ৫৮০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদর গ্রেপ্তার


টাঙ্গাইল ভ্রাম্যমাণ প্রতিনিধি, আল-আমীন  প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
সখীপুরে ৫৮০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদর গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে ৫৮০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর (ময়থাচালা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সুমন সিকদার (২২) ও মো. শুভ সিকদার (২০)। তারা একই এলাকার বাসিন্দা এবং সালাম সিকদার ও শেফালী বেগমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় টাঙ্গাইল সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুই ভাইয়ের নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে ৫৮০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক মো. সাইফুর রহমান রানা বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।