ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বিদায়ের সময় তিনি সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (১৩ জুলাই) বিকালে সাদিক কায়েম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কাঠামো অনুযায়ী বছরে দুইবার সেটআপ পরিবর্তন করা হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তার বিদায় হয়েছে। এদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এসএম ফরহাদ জানান, চলতি সেশনের ষাণ্মাসিকে সংগঠনের ৯ জন সম্পাদক সাংগঠনিক ছুটি পেয়েছেন।

বিদায় নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন—কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

বিদায়ের পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম লেখেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, সংগঠনের সঙ্গে দীর্ঘ সময়ের পথচলা তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

ছাত্রশিবিরের সাংগঠনিক নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর দায়িত্বে পরিবর্তন আনা হয়। এরই ধারাবাহিকতায় এবারের ষাণ্মাসিক সেটআপে কয়েকজন সম্পাদককে বিদায় দেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।