বাগেরহাটে আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে আহত ৫


বাগেরহাট প্রতিনিধি, নূরুল হুদা প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
বাগেরহাটে আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে আহত ৫

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা জজ আদালত ভবনের কচুয়া আদালতের এজলাসসংলগ্ন বারান্দায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ভবনের ওই অংশে রড বেরিয়ে আসায় নতুন করে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

আহতরা হলেন—হাবিবুল্লাহ শেখ, তার বাবা মো. সিরাজ শেখ, সুমন দাস, হৃদয় হাওলাদার ও মোতালেব। তাদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, তারা আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে তাদের ওপর পড়ে। এতে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং আরও তিনজন আহত হন।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের মাথায় সেলাই দিতে হয়েছে। অন্যদের ঘাড় ও পায়ে আঘাত লেগেছে। সবাই বর্তমানে শঙ্কামুক্ত এবং সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।

বাগেরহাট জেলা জজ আদালতের নাজির অমিত কুমার বলেন, ছাদের পলেস্তারা খসে কয়েকজন আহত হওয়ার পর বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করে এটি ব্যবহার উপযোগী কি না, সে বিষয়ে প্রতিবেদন দেবেন।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, জেলা জজ আদালতের পুরোনো তিনতলা ভবনের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে। কচুয়া আদালতের সামনের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে বিচারপ্রার্থীরা আহত হয়েছেন। ভবনের যেসব স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়ার ঝুঁকি রয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রতি অনুরোধ জানানো হয়েছে।