
কুষ্টিয়ার মিরপুর উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবার মান ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। সাধারণ মানুষের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার তিনি হাসপাতালটি সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, সাধারণ ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ পরিদর্শন করেন। এ সময় চিকিৎসাধীন রোগী, দায়িত্ব পালনরত চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় সঠিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রহমত আলী রব্বান, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রসিদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পল্টু মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
আপনার মতামত লিখুন :