পঞ্চগড়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন


পঞ্চগড় জেলা প্রতিনিধি, মার্শাদুল ইভেন প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, কুড়িগ্রাম জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোদাব্বের হোসেনসহ জেলা প্রশাসন, পরিবার পরিকল্পনা বিভাগ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।