
দেশজুড়ে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের পাঁচ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানি বাড়তে থাকায় কয়েকটি জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে এসব নদীর পানি বাড়তে পারে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি কিছু এলাকায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং কুশিয়ারা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে আগামী তিন দিনে এসব নদীর পানি আরও বাড়তে পারে। এর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
পাউবোর পূর্বাভাসে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের সারিগোয়াইন, যাদুকাটা ও কংস নদীর পানি স্থিতিশীল থাকলেও সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা ও যমুনেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নদ-নদীর পানি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :