সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান


চাটখিল প্রতিনিধি, ইলিয়াছ কাঞ্চন প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ
সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড পেয়েছেন নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান।

গত শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বিজয়নগরের একটি থ্রি-স্টার হোটেলের সভাকক্ষে নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। তবে ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় সাংবাদিক হাবিবুর রহমানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার বড় ছেলে সাংবাদিক মো. আরিফুর রহমান।

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. এ টি মমতাজুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বিচারপতি সিকদার মকবুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক বিচারপতি পীরজাদা শহীদুল হারুন, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলাসহ বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, সাংবাদিক মো. হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। ১৯৮০ সাল থেকে তিনি পেশাটির সঙ্গে সম্পৃক্ত। সাংবাদিকতায় বিশেষ অবদান ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে গত পাঁচ বছরে তিনি ১৪টি জাতীয় এবং ৫টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।

২০০৪ সালে জাতীয় গণমাধ্যম পিরাবি কর্তৃক সাংবাদিকতায় রাষ্ট্রীয় স্বীকৃতিও লাভ করেন তিনি। নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড অর্জন করায় নোয়াখালীসহ দেশ-বিদেশের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।