রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, আন্দোলনের গুরুত্ব এবং এ আন্দোলনকে সর্বজনীন রূপ দিতে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিকসহ দেশের সর্বস্তরের মানুষের ভূমিকার কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক। তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মুগ্ধসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদান, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি জুলাইয়ের চেতনা ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও এগিয়ে নেওয়া সম্ভব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, ইতালির নাগরিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।