খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর


দীঘিনালা উপজেলা প্রতিনিধি, আবুল কালাম প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে খাগড়াছড়ি জেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার। এর অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলার মহালছড়ি উপজেলার দুর্গম চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ সময় প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জুলাই মাসের ঋণের কিস্তি মওকুফের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হবে বলেও জানান তিনি।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি তাদের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।