আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অতীতে অনেক মানুষ হয়রানির শিকার হয়েছেন। অনেককে সাংবিধানিকভাবে স্বীকৃত মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। মিথ্যা মামলায় জড়িয়ে অনেক রাজনৈতিককর্মীকে নাজেহাল করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে সমিতি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার। কায়সার কামাল বলেন, আইনজীবী সমাজ সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করে এসেছে। দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিচার বিভাগ ও আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, অতীতে অনেকেই আইনজীবী সমিতি ও আইনি কাঠামোকে ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য ব্যবহার করেছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছেন, তাদের নিজেদেরও আইনি প্রথা ও নীতিমালা মেনে চলতে হবে। দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার ও বেঞ্চ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

বক্তব্যে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন প্রত্যাশার সৃষ্টি করেছে। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বাগেরহাট জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান লাহুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, সদস্য সচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব মোরশেদ লালনসহ অনেকে।

এর আগে শনিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে ‘স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল আইটি)’ নামের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উদ্বোধন করেন ডেপুটি স্পিকার। এ সময় তিনি দেশের উন্নয়নে দক্ষ জনশক্তি তৈরির গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।