
সাতক্ষীরার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন খালে এ বিশেষ উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবৈধ স্থাপনা অপসারণের এ কার্যক্রম শুধু সাময়িক কোনো উদ্যোগ নয়, এটি নিয়মিত কার্যক্রম হিসেবে অব্যাহত থাকবে। তিনি অভিযোগ করেন, কিছু ঘের মালিক চিংড়ি চাষের স্বার্থে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করায় সাধারণ মানুষ জলাবদ্ধতার ভোগান্তিতে পড়ছেন।
তিনি আরও বলেন, বর্তমানে বর্ষা মৌসুম চলছে। তাই ঘের ও খালে নির্মিত সব ধরনের অবৈধ বাঁধ, নেট-পাটা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হচ্ছে। এরপরও যদি পানি প্রবাহে বাধা সৃষ্টির কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, সমাজসেবক ও নাগরিক নেতা আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলীসহ অনেকে।
এ সময় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। বিডি ক্লিন সাতক্ষীরা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা এবং সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা খালের ময়লা-আবর্জনা ও অবৈধ নেট-পাটা অপসারণে সহযোগিতা করেন।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, জলাবদ্ধতা নিরসনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ কমবে এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসবে।
আপনার মতামত লিখুন :