শ্রীপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ, বস্তিতে গিয়ে কারবারিদের সতর্কবার্তা


হাদিউল আলম মোড়ল: প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
শ্রীপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ, বস্তিতে গিয়ে কারবারিদের সতর্কবার্তা

গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রামে মাদক ব্যবসা ও মাদকসেবীদের দৌরাত্ম্য বৃদ্ধির অভিযোগে মাদকবিরোধী গণপ্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার  জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদের মুসল্লিরা এ কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, শ্রীপুর-রাজাবাড়ী সড়কের লোহাগাছ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদকসেবীদের তৎপরতা বাড়ছে। এর ফলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং তরুণ সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।

এলাকাবাসীর দাবি, উত্তর-পূর্ব পাড়ার জিনেজানা ব্রিজ সংলগ্ন বস্তি এবং রেলগেট এলাকার বস্তিতে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেন স্থানীয়রা।

শুক্রবার জুমার নামাজ শেষে মোল্লা বাড়ি জামে মসজিদের প্রায় দুই শতাধিক মুসল্লি বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। পরে তারা অভিযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দেন।

প্রতিবাদকারীরা বলেন, এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। মাদক ব্যবসা বন্ধ না হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় আমজাদ হোসেন, মোহাম্মদ রাকিব, শরীফসহ মোল্লা বাড়ি জামে মসজিদের প্রায় দুই শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।