
চলতি আম মৌসুমে ব্যবসায়ী, আড়তদার ও চাষিদের আর্থিক লেনদেন সহজ করতে রাজশাহী বিভাগের চার জেলার আমবাজার এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা প্রতি শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) থেকে সীমিত পরিসরে এসব ব্যাংক শাখা ও উপশাখায় ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমের মৌসুমে দেশের অন্যতম বড় আম উৎপাদনকারী অঞ্চল রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের লেনদেন বেড়ে যায়। এ সময় নগদ অর্থের সরবরাহ, জমা ও নিরাপদ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনার আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আমবাজারসংলগ্ন তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আম ব্যবসার মৌসুমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়। ফলে ব্যবসায়ী, আড়তদার ও কৃষকদের যাতে অতিরিক্ত অর্থ বহনের ঝুঁকি নিতে না হয় এবং সহজে ব্যাংকিং সেবা পান, সে লক্ষ্যেই শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে এসব ব্যাংক শাখা ও উপশাখা চালু থাকবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় জনবল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক খোলা রাখার এই সিদ্ধান্তে আম ব্যবসায়ী, আড়তদার ও কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে আম কেনাবেচার অর্থ লেনদেন আরও দ্রুত ও নিরাপদ হবে এবং মৌসুমি ব্যবসা কার্যক্রমে গতি বাড়বে।
আপনার মতামত লিখুন :