পিরোজপুর প্রেসক্লাবে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


পিরোজপুর জেলা প্রতিনিধি, আল হেলাল প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
পিরোজপুর প্রেসক্লাবে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ কর্মশালা চলে বিকেল ৫টা পর্যন্ত। কর্মশালায় সাংবাদিকতার মৌলিক বিষয়, মানবিক আবেদনসম্পন্ন প্রতিবেদন ও ফিচার লেখা, পুলিশের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ কর্মশালার আহ্বায়ক মাহামুদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরী, তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানী এবং কৃষিবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক জগৎ প্রিয় দাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

প্রশিক্ষণ পর্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান সাংবাদিকতার সঙ্গে পুলিশের সম্পর্ক বিষয়ে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা সাংবাদিকতার নীতি-নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

পরে সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এ সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম।