লিটন ও শেখ মেহেদীকে শাস্তি দিলো বিসিবি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
লিটন ও শেখ মেহেদীকে শাস্তি দিলো বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আর্থিক জরিমানার সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি। পৃথকভাবে দুই ক্রিকেটারের বক্তব্য শোনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, লিটন দাসের বিরুদ্ধে অভিযোগ, পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা অবস্থায় বোর্ডকে অবহিত না করেই তিনি বিদেশ সফরে যান। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পাওয়ার কারণে তিনি টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি। পরে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে থাকলেও কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরেন। এরপর বিসিবিকে না জানিয়ে বিদেশ যাওয়ায় তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

অন্যদিকে, শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে সুযোগ না পাওয়ার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ্যে টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেন। বোর্ডের মতে, এ ধরনের মন্তব্য দলের শৃঙ্খলা ও আচরণবিধির পরিপন্থী।

ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে দুই ক্রিকেটারই নিজেদের ভুল স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে আচরণবিধি ভঙ্গের দায়ে তাদের আর্থিক জরিমানা করার সুপারিশ করেছে কমিটি। বোর্ড সূত্র জানিয়েছে, লিটন দাসের তুলনায় শেখ মেহেদী হাসানের জন্য বেশি অর্থদণ্ডের সুপারিশ করা হয়েছে। তবে জরিমানার নির্দিষ্ট পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি।

বিসিবির পরিচালনা পর্ষদের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হবে। এরপর আনুষ্ঠানিকভাবে দুই ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করা হবে। বোর্ডের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ভবিষ্যতে জাতীয় দলের ক্রিকেটাররা আচরণবিধি মেনে চলবেন এবং এ ধরনের ঘটনা এড়িয়ে চলবেন।