অভিষেক রাঙাতে ব্যর্থ লেভানডফস্কি, সুয়ারেজের জোড়া গোলে জয় পেল মায়ামি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
অভিষেক রাঙাতে ব্যর্থ লেভানডফস্কি, সুয়ারেজের জোড়া গোলে জয় পেল মায়ামি

বিশ্বকাপের পর্দা নামার পর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন লড়াই। প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করেছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। তবে মেসির অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেওয়া লুইস সুয়ারেজের জোড়া গোলে জয় পেলেও এমএলএসে অভিষেকটা স্মরণীয় করতে পারেননি পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিকাগো ফায়ারের বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নেয় ইন্টার মায়ামি। এদিন মেসি মাঠে না থাকায় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন উরুগুয়ের অভিজ্ঞ ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।

ম্যাচের ১৮ মিনিটে মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় শিকাগো ফায়ার। তবে দ্রুতই ম্যাচে ফেরে মায়ামি। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সুয়ারেজ। এরপর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মায়ামিকে এগিয়ে দেন তিনি।

শিকাগো ফায়ার অবশ্য হাল ছাড়েনি। ম্যাচের ৬৭ মিনিটে পুসো দিতহেজানে গোল করে আবারও সমতা ফেরান। তবে শেষ মুহূর্তে ৮৭ মিনিটে মার্কিন ফুটবলার প্রেস্টন প্লাম্বেকের গোল মায়ামিকে এনে দেয় জয়। এদিকে, চলতি গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো রবার্ট লেভানডফস্কির জন্য দিনটি প্রত্যাশামতো হয়নি। শিকাগোর হয়ে খেলতে নেমে ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার ৬২ মিনিট মাঠে ছিলেন। কিন্তু দলকে জয়ে ফেরাতে পারেননি।

অভিষেক ম্যাচ শেষে লেভানডফস্কি বলেন, নতুন দলের সঙ্গে মাত্র দুই দিন অনুশীলনের পর প্রথম ম্যাচেই সবকিছু নিখুঁত হবে—এমনটা আশা করেননি তিনি। তিনি বলেন, “আমার কিছুটা সময় প্রয়োজন। আমি নিশ্চিত, পরবর্তী ম্যাচে আমরা রক্ষণভাগের ভুলগুলো শুধরে আরও ভালো পারফরম্যান্স করতে পারব।” অন্যদিকে, মেসির অনুপস্থিতিতেও সুয়ারেজের নেতৃত্ব ও পারফরম্যান্সে নতুন মৌসুমের শুরুটা দারুণভাবে করল ইন্টার মায়ামি।