দেওয়ানগঞ্জে বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ


দেওয়ানগঞ্জ প্রতিনিধি,লাবলু মিয়া প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীপাড়া এলাকায় বন্যাদুর্গত ১৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আক্তার নেওয়াজী টফি, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আলাল উদ্দিন আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। দুর্যোগের এই সময়ে কোনো মানুষকে একা ফেলে রাখা হবে না। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যাপারীপাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্ব দিয়ে স্থানীয় মসজিদের উন্নয়ন, প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা এবং একটি কবরস্থান নির্মাণের উদ্যোগ দ্রুত গ্রহণ করা হবে। পরে প্রতিমন্ত্রী বন্যাদুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার সময়ে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ায় তারা সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ দুর্যোগকবলিত মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করে। উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।