মাদারগঞ্জে টিউবওয়েলের পানি পানে একই পরিবারের ৫ জন অচেতন, হাসপাতালে ভর্তি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
মাদারগঞ্জে টিউবওয়েলের পানি পানে একই পরিবারের ৫ জন অচেতন, হাসপাতালে ভর্তি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টিউবওয়েলের পানি পান করার পর একই পরিবারের পাঁচ সদস্য অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের চরনাংলা এলাকায় প্রবাসী শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শুধু পানি নয়, খাবারের সঙ্গে কোনো কিছু মিশে যাওয়ার কারণেও এ ঘটনা ঘটতে পারে।

অচেতন হওয়া ব্যক্তিরা হলেন—প্রবাসী শাহ আলমের স্ত্রী রিনা আক্তার (৪০), বড় ছেলে রিপন ইসলাম (২৩), ছোট ছেলে রিমন (১৭), মেয়ে সাথী আক্তার এবং তিন বছরের নাতনি হুমাইরা। তাদের সবাইকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী শাহ আলমের বড় ছেলে রিপন ইসলাম বাধের মাথা বাজারে একটি দোকান পরিচালনা করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও দোকান খোলার কথা থাকলেও সন্ধ্যা হয়ে যাওয়ার পরও দোকান বন্ধ দেখে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সন্দেহ হয়। পরে তারা রিপনের বাড়িতে গিয়ে দেখতে পান, পরিবারের সদস্যরা সবাই ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে আছেন। অনেক ডাকাডাকি করেও তাদের জাগানো সম্ভব হয়নি। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাত ৮টার দিকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন রিনা আক্তার জানান, সকালে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেয়েছিলেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তাদের মাথাব্যথা ও প্রচণ্ড ঘুম অনুভূত হতে থাকে। এরপর একে একে সবাই ঘুমিয়ে পড়েন এবং এরপর কী ঘটেছে, তা তাদের আর মনে নেই।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জাকিয়া ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের সঙ্গে কোনো অজানা পদার্থ মিশে থাকতে পারে। এর ফলে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। চিকিৎসকদের ভাষ্য, পরীক্ষার ফলাফল পাওয়ার পরই অচেতন হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।