মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ এর শুভ উদ্বোধন


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ এর শুভ উদ্বোধন

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আগে পুরাতন কোর্ট মোড়ে সরকারি সমন্বিত ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, মাদারীপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে বন ও প্রকৃতি বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণে অংশ নেন এবং বৃক্ষমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলায় বন বিভাগ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নার্সারির অংশগ্রহণে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং বেশি বেশি বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। যেসব এলাকায় গাছের স্বল্পতা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।