১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ

দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ২০২৭ সালের ২৮ মে থেকে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগাররা।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রকাশিত আন্তর্জাতিক সূচিতে এ তথ্য জানানো হয়েছে। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ড সফরে টেস্ট খেলবে বাংলাদেশ।

শুধু পুরুষ দলই নয়, ২০২৭ সালে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। সফরে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগ্রেসরা।

ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড বলেন, লর্ডসে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ পুরুষ দলকে স্বাগত জানাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। ২০১০ সালের পর আবারও বাংলাদেশকে ইংল্যান্ডে টেস্ট খেলতে দেখা যাবে, যা উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকে সীমিত ওভারের সিরিজে আতিথ্য দিতে পেরে তারা উচ্ছ্বসিত।

বাংলাদেশ-ইংল্যান্ড পুরুষ দলের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
২৮ মে–১ জুন, ২০২৭ একমাত্র টেস্ট লর্ডস, লন্ডন

বাংলাদেশ-ইংল্যান্ড নারী দলের সূচি

টি-টোয়েন্টি সিরিজ

  • ৮ সেপ্টেম্বর, ২০২৭: প্রথম টি-টোয়েন্টি – নর্থহ্যাম্পটন
  • ১০ সেপ্টেম্বর, ২০২৭: দ্বিতীয় টি-টোয়েন্টি – টনটন
  • ১২ সেপ্টেম্বর, ২০২৭: তৃতীয় টি-টোয়েন্টি – ওরচেস্টার

একদিনের আন্তর্জাতিক সিরিজ

  • ১৭ সেপ্টেম্বর, ২০২৭: প্রথম ওয়ানডে – হোভ
  • ২১ সেপ্টেম্বর, ২০২৭: দ্বিতীয় ওয়ানডে – ক্যান্টারবেরি
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৭: তৃতীয় ওয়ানডে – চেমসফোর্ড

এই সফরের মাধ্যমে দীর্ঘদিন পর ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবে বাংলাদেশ। পাশাপাশি নারী দলের জন্যও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বিদেশের মাটিতে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ তৈরি হবে।